সর্বশেষ
6 Nov 2026, Fri

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে ‘হেমন্ত বরণ’ অনুষ্ঠান

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

‘সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে’-এই স্লোগানকে ধারণ করে নেত্রকোণার কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘হেমন্ত বরণ’ অনুষ্ঠান।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া প্রেসক্লাব অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক কোহিনূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন লোকসাহিত্যিক ও পালা-নাট্যকার রাখাল বিশ্বাস, কবি ও চারণ সাংবাদিক এবং কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, বেতার ও টিভি শিল্পী এবং আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্ঠী, রামপুরের সভাপতি আবুল বাসার তালুকদার, কবি ও সাংবাদিক মো.মজিবুর রহমান এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ সালাহ্ উদ্দিন সালাম।

এ ছাড়া বক্তব্য,গান ও কবিতা পরিবেশন করেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঁঞা, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক দিল বাহার খান, কবি ও শিক্ষক মো. শাহাবুল কবীর ভূঁঞা, কবি পাগল বালক মিন্টু চাঁন, কবি ও সাংবাদিক মহিউদ্দিন সরকার, বাউল ও গীতিকার মো. বাবুল মিয়া এবং কবি ও সাংবাদিক রুকন উদ্দিন প্রমুখ।

বক্তারা হেমন্তের প্রকৃতি, বাংলা সাহিত্য, লোকসংস্কৃতি, গ্রামীণ জীবন ও বাঙালির ঐতিহ্য নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। তাঁরা বলেন, হেমন্তের সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। নতুন ধানের ঘ্রাণ, শিশিরভেজা ঘাস, কুয়াশার চাদর আর সোনালি ফসলের মাঠ-সব মিলিয়ে হেমন্ত বাংলার প্রকৃতিতে এক মায়াবী সৌন্দর্যের নাম। বাংলার সাহিত্য, কবিতা, গান ও লোকজ সংস্কৃতিতেও হেমন্তের প্রকৃতি ও জীবনবোধের অনন্য প্রতিফলন ঘটেছে।

বক্তারা আরও বলেন, হেমন্তের সোনালি ধানের মতো আমাদের সাহিত্যচর্চাও সমৃদ্ধ হোক। নতুন প্রজন্মের কাছে বাংলার লোকজ ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির শেকড় পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিম।

এ সময় স্থানীয় কবি,শিল্পী,বাউল, গীতিকার, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *