সর্বশেষ
28 Oct 2026, Wed

কেন্দুয়ায় ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেনে কম,বেকারিতেও অনিয়ম;জরিমানা ২৩ হাজার টাকা

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন কম দেওয়া এবং বেকারিতে উৎপাদিত খাদ্যসামগ্রীর মান,ওজন ও পরিমাপে অসংগতি পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে পৃথক তিনটি মামলায় মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দুয়া পৌর শহরে পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী।

অভিযানে হিমালয় ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৭২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার অকটেনে ৬২০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ময়মনসিংহ বিভাগের পরিদর্শক প্রকৌশলী আবিদ হাসনাত।

এদিকে,বিভিন্ন বেকারিতে উৎপাদিত খাদ্যসামগ্রীর মান, ওজন ও পরিমাপে অসংগতি পাওয়ায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে বেকারিসংশ্লিষ্ট পৃথক মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়। এর মধ্যে গার্লস স্কুল রোডের ঢাকা বেকারিকে ৮ হাজার এবং কোর্ট রোডে কামরুল বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী জানান,অর্থদণ্ড আরোপের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে ফিলিং স্টেশনের মেশিনারিজ দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

জ্বালানি তেলের সঠিক পরিমাপ, খাদ্যসামগ্রীর মান নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *