
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য,সংগীত ও সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবদান নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি মো.জয়নাল আবেদীন ভূঁঞা,সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু,সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন খান,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো.সেকুল ইসলাম খান এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো.হারুনুর রশিদ ফারুকী প্রমুখ।
বক্তারা কাজী নজরুল ইসলামের জীবনের দারিদ্র্য,প্রেম,দ্রোহ,সাম্য ও মানবিকতার বিভিন্ন দিক তুলে ধরেন।তাঁরা বলেন,নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির চেতনা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য শক্তি।মহান মুক্তিযুদ্ধেও তাঁর গান ও কবিতা মুক্তিকামী মানুষকে সাহস ও প্রেরণা জুগিয়েছে।
বক্তারা আরও বলেন,নজরুলের সংক্ষিপ্ত অথচ সংগ্রামমুখর জীবন ও সৃষ্টিকর্ম বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মধ্যে তাঁর সাহিত্য ও মানবতাবাদী আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তাই নজরুল প্রজন্মকে নজরুলের জীবন ও আদর্শ চর্চার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন বিভাগে অংশ নেয়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৭০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন, আমন্ত্রিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনূস রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো.নূরুল হক ভূঞা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।
