
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও পাঁচ বছর বয়সী ছেলেসহ দুজন নিহত হয়েছেন।এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েসহ অপর মোটরসাইকেলের চালক ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের লাহড়ী বাড়ী সংলগ্ন দুর্গাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের মাহমুদুল হক শাহীন সরকার (৪০) এবং তাঁর পাঁচ বছর বয়সী ছেলে রাজিন। শাহীন সরকারের পিতার নাম মৃত আনিছুল হক ওরফে কাঞ্চন মিয়া এবং মাতার নাম মাহমুদা চৌধুরী। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।এ ঘটনায় শাহীন সরকারের স্ত্রী তুহীন (২৯) ও মেয়ে মুমু (৭) আহত হয়েছেন।
অন্যদিকে,অপর মোটরসাইকেলে থাকা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মো.ওয়াশিদ (৩৫) ও তাঁর স্ত্রীও গুরুতর আহত হন। আহত চারজনের মধ্যে ওয়াশিদ ও তাঁর স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
