
মাজহারুল ইসলাম উজ্জ্বল,
কেন্দুয়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৩ নম্বর পাইকুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ অক্টোবর)দুপুরে পেমই বাজারে আয়োজিত এ সম্মেলনে ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
পাইকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হাশেম ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া। পাইকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ ইকবাল হোসেন (টুটুল) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম (শফিক) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
এমপি হিলালী তার বক্তব্যে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাইকুড়া ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দলের দুঃসময়ে এসব নেতাকর্মী নানা নির্যাতন-নিপীড়ন, জেল-জুলুম ও প্রতিকূলতা সহ্য করে দলের পাশে থেকেছেন। তাই তাদের ত্যাগ ও অবদানকে মূল্যায়নের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে হবে।
সম্মেলনে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। তিনটি বুথকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আবুল হাশেম ভূঁইয়া ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান আকন্দ সোহাগ পেয়েছেন ১৪১ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সৈয়দ ইকবাল হোসেন (টুটুল) ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান উজ্জ্বল পেয়েছেন ১৪৩ ভোট।
নির্বাচন কমিশনার ও কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম বলেন,শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
সম্মেলনকে ঘিরে পেমই বাজার ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নেতাকর্মীরা অভিনন্দন জানান।
