
মাজহারুল ইসলাম উজ্জ্বল,
কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী ঢাকায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভা সম্পন্ন করেছেন।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের সৈয়দ মাহবুব মুর্শেদ অ্যাভিনিউয়ে অবস্থিত সমবায় ভবনের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড.আবদুল মঈন খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী এমপি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এছাড়া সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুন গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো.কামরুজ্জামান চৌধুরী,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ড. রফিকুল ইসলাম মোহামেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এবং বিদ্যুৎ বিভাগের সচিব মিনারা মাহরুখসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীরাও সভায় অংশ নিয়েছেন।
সভায় স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করা,উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয় বৃদ্ধি এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
