সর্বশেষ
1 Oct 2026, Thu

মাদকের সঙ্গে জড়িত থাকলে দলীয় পদ থেকে বহিষ্কার ও আইনের আওতায় আনা হবে—ড.রফিকুল ইসলাম হিলালী

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে মাদক,জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপবিরোধী সর্বদলীয় ঐক্য পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বদলীয় ঐক্য পরিষদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূঞা সুরুজ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী।

সর্বদলীয় ঐক্য পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মো.নুরুজ্জামান নুরু,জেলা পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী,নেত্রকোণা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল কবির নিয়োগী এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী বলেন,মাদক নির্মূল করা বিএনপি বা সরকারের একার পক্ষে সম্ভব নয়।এ জন্য দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ৫১ সদস্যবিশিষ্ট সর্বদলীয় ঐক্য পরিষদের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সঙ্গে আমি আছি।মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন,আমার দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের পাশাপাশি আইনের আওতায় আনা হবে।

সমাবেশে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।পরে তিনি উপস্থিত সবাইকে মাদককে ‘না’ বলার শপথ পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন,সর্বদলীয় ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি এনামুল হক ফারুকী,সহ-সভাপতি ও রোয়াইলবাড়ি এলাকার সহকারী অধ্যাপক মো.সিদ্দিকুর রহমান, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মাহবুব আলম মহসিনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *