
ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণা জেলা শহরের বুক চিরে বয়ে যাওয়া মগড়া নদী উদ্ধারের নামে নদী তীরবর্তী বৈধ জমির মালিকদের উচ্ছেদ আতঙ্ক,হয়রানি এবং নদী খনন প্রকল্পে বিপুল পরিমাণ সরকারি অর্থ অপচয়ের আশঙ্কার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৮ নভেম্বর ২০২৬ খ্রি.) নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে পৌর শহরের নদী তীরবর্তী ভুক্তভোগী বাসিন্দাদের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বাসিন্দাদের পক্ষে মিজানুর রহমান ইমন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা)কর্তৃক মগড়া নদীর সীমানা নির্ধারণের বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন (নম্বর: ৫১৬১/২০২৫) বর্তমানে বিচারাধীন রয়েছে।ওই রিটে সিএস,আরএস এবং নদীর আদি প্রবাহ অনুযায়ী সঠিক সীমানা নির্ধারণের বিষয়টি উত্থাপন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের চূড়ান্ত নির্দেশনা ও বিদ্যমান ভূমি রেকর্ড (বিআরএস) যথাযথভাবে বিবেচনা না করেই পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তা সিএস নকশার দোহাই দিয়ে বৈধ বসতভিটা ও দোকানপাট উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে নদী খনন প্রকল্পের কারিগরি পরিকল্পনা নিয়ে তীব্র ক্ষোভ ও আপত্তি প্রকাশ করা হয়। বাসিন্দারা জানান,১৫৫ কিলোমিটার দীর্ঘ মগড়া নদীর মাত্র ৪১ কিলোমিটার খনন করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে উজান ও ভাটির বাকি ১১৪ কিলোমিটারের পলি জমে খননকৃত অংশ দ্রুত পুনরায় ভরাট হয়ে যাবে, যা কোটি কোটি সরকারি টাকার অপচয় ছাড়া আর কিছুই নয়।তাছাড়া পৌর এলাকার সাতপাই, মোক্তারপাড়া,কাটলী ও আরামবাগ এলাকায় নদী ১.৫ থেকে ২ মিটার গভীর করে খনন করা হলে তীরবর্তী স্থায়ী জনবসতি ও বহুতল ভবনগুলো চরম ধসের ঝুঁকিতে পড়বে।
ভুক্তভোগীরা জানান,পৌর এলাকায় নদীর দুই তীরে প্রায় ১৪ কিলোমিটার জায়গা থাকলেও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে মাত্র ৮০০ মিটার,যা প্রকল্পটির অস্বচ্ছতাকে নির্দেশ করে।
নদী তীরবর্তী বাসিন্দারা স্পষ্ট করে আরও জানান,তাঁরা নদী দখল কিংবা দূষণমুক্ত করার বিরোধী নন; তবে নদী উদ্ধারের নামে বৈধ মালিকদের হয়রানি ও সরকারি অর্থের লুটপাট তারা মেনে নেবেন না।।সংবাদ সম্মেলন থেকে সংকট নিরসনে কয়েকটি সুনির্দিষ্ট দাবিও উত্থাপন করা হয়।বিআরএস ও পূর্ববর্তী সব ভূমি রেকর্ড বিবেচনায় নিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ জরিপ নিশ্চিত করা,বৈধ জমির মালিকদের উচ্ছেদ ও হয়রানি অবিলম্বে বন্ধ করা,নদী খনন প্রকল্পের ডিপিপি, মোট ব্যয় ও দরপত্রের সকল তথ্য জনসাধারণের জন্য প্রকাশ করা,খননকাজের কারিগরি ও পরিবেশগত প্রভাব যাচাইয়ের জন্য পরিবেশবিদ ও স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে একটি নিরপেক্ষ রিভিউ কমিটি গঠন করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন নাজমুশ শাহাদাত নাজু, আজহার খান আবু,মোঃ আলাউদ্দিন,জামাল উদ্দিন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নদী তীরবর্তী ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।তাঁরা এই বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের সুদৃষ্টি এবং আইনানুগ পদক্ষেপ কামনা করেছেন।
