
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
‘পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি,সুস্থ জীবন নিশ্চিত করি’ এবং ‘ময়লা ফেলব নির্দিষ্ট স্থানে,সুন্দর কেন্দুয়া গড়ব প্রাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্ন নেত্রকোণার কেন্দুয়া পৌরসভা গঠনের লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্প ইয়ার্ড নির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়া পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দুয়া পৌরসভার প্রশাসক সানজিদা চৌধুরী।
সভায় বক্তারা বলেন,কেন্দুয়া পৌরসভা প্রতিষ্ঠার ২৮ বছর পেরিয়ে গেলেও নানা কারণে এখনো পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্প ইয়ার্ড নির্মাণ করা সম্ভব হয়নি।এ বিষয়ে তাঁরা ব্যর্থতা,দুঃখ ও হতাশা প্রকাশ করেন।একই সঙ্গে দ্রুত পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ডাম্প ইয়ার্ড নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, যে কোনো মূল্যে কেন্দুয়া পৌরসভাকে পরিচ্ছন্ন,আধুনিক ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হবে।এ কাজে পৌরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত সময়ের মধ্যে কেন্দুয়ায় একটি ডাম্প ইয়ার্ড নির্মাণ করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও ও পৌর প্রশাসক সানজিদা চৌধুরী বলেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পৌর এলাকার পরিবেশ দূষণ কমানো এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ডাম্প ইয়ার্ড নির্মাণের জন্য একাধিক সম্ভাব্য স্থান এবং প্রয়োজনীয় বাজেটের বিষয়টি বিবেচনায় রয়েছে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত জায়গা নির্ধারণ করার তাগিদ দেন । তা না হলে বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দুয়া আরও পিছিয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি৷
এ সময় উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
