
মাজহারুল ইসলাম উজ্জ্বল,
কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া বিদ্যুৎ অফিসসংলগ্ন রাস্তার জায়গা নিয়ে স্থানীয়দের সঙ্গে আবুল আক্কাস মাস্টারের বিরোধের অবসান হয়েছে।উভয় পক্ষের মধ্যে সমঝোতার পর রাস্তার জন্য জায়গা রেখে দেয়াল নির্মাণের কাজ চলছে।
এর আগে রাস্তার জায়গা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন দেয়াল অপসারণের নির্দেশ দেন। পরে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আবুল আক্কাস মাস্টার নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলেন।
এ বিষয়ে আবুল আক্কাস মাস্টার জানান,দেয়াল ভেঙে ফেলায় তাঁর প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়।পরে স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। সমঝোতা অনুযায়ী রাস্তার জন্য সোয়া এক ফুট জায়গা রেখে নতুন করে দেয়াল নির্মাণ করা হচ্ছে।
তিনি বলেন,প্রশাসনের নির্দেশে আগের দেয়াল ভেঙে ফেলতে হয়েছিল। পরে প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতা হয়েছে। বর্তমানে রাস্তার জন্য সোয়া এক ফুট জায়গা রেখে দেয়াল নির্মাণ করছি।
স্থানীয়রা জানান,রাস্তার চলাচল স্বাভাবিক রাখা এবং উভয় পক্ষের বিরোধ নিরসনে আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কেন্দুয়া পৌর কর্তৃপক্ষ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নজরে আনা হয়েছিল।পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
