সর্বশেষ
6 Oct 2026, Tue

কেন্দুয়া ক্লাবের পুরাতন স্থাপনা নিলামে ২ লাখ ৯০ হাজার টাকায় সর্বোচ্চ দর;নিলামে অংশ নেন ১৭ জন

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী ‘কেন্দুয়া ক্লাব’-এর পুরাতন স্থাপনা নিলামে বিক্রির কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।ক্লাবের নতুন ভবন ও অবকাঠামো নির্মাণের লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়।

নিলাম কার্যক্রমে সভাপতিত্ব করেন কেন্দুয়া ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। কেন্দুয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়ার সঞ্চালনায় নিলাম ডাকে উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিলাম কার্যক্রমে মোট ১৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক দরপত্রের পর চূড়ান্ত ডাকে পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান (শান্তি) সর্বোচ্চ ২ লাখ ৯০ হাজার টাকা দর দিয়ে পুরাতন স্থাপনাটি নিলামে পান।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী কেন্দুয়া ক্লাবের পুরাতন স্থাপনার পরিবর্তে নতুন পরিকল্পনায় আধুনিক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পুরাতন স্থাপনা নিলামের মাধ্যমে অপসারণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

নিলামকে কেন্দ্র করে উপজেলা পরিষদ হলরুমে সংশ্লিষ্টদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নিলাম প্রক্রিয়া শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে সাইফুল ইসলাম খান (শান্তি) নির্বাচিত হন।

ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, পুরাতন স্থাপনা অপসারণের পর নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কেন্দুয়া ক্লাবকে আরও আধুনিক, কার্যকর ও সময়োপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *