
ডেস্ক রিপোর্টঃ
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের সংগঠন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃনজরুল ইসলাম।
শনিবার(২১ নভেম্বর ২০২৬ খ্রি.) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলন কক্ষে সংগঠনটির বিশেষ সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক আইনজীবী রফিকুল ইসলাম আধার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম জাতীয় দৈনিক আমার দেশ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন-এর নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।তিনি নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি ও নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকান্ডে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়-এর নিজস্ব প্রতিবেদক।তিনি সংগঠনটির প্রতিষ্ঠাকাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
উক্ত সভায় বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা-ময়মনসিংহ,জামালপুর, নেত্রকোণা,শেরপুর,টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাব ফেডারেল কাঠামোয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয় এবং ছয় জেলার ঐক্যের প্রতীক হিসাবে ‘একই বৃন্তে ছয়টি ফুল’ এবং ছয় জেলার নামের আদ্যক্ষর সমন্বয়ে ‘টানে কিশে মজা’ স্লোগানকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।
নতুন নেতৃত্ব বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন,অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
