
ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণ এবং এর ফলে অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।এ ছাড়া ধর্ষণের ফলে জন্ম নেওয়া নবজাতকের ভরণপোষণ,শিক্ষা,চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর ২০২৬ খ্রি.) দুপুরে নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক(জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুছ সালাম আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ও দণ্ডপ্রাপ্ত শিক্ষকের বড় ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি)অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,সাক্ষীদের জবানবন্দি,চিকিৎসকের প্রতিবেদন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার ফলাফলে আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ এই শাস্তি দিয়েছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে,দণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ মাহমুদী মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি এলাকায় অবস্থিত ‘হযরত ফাতেমা তুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন।মা-বাবার বিচ্ছেদের পর ভুক্তভোগী শিশুটি তার নানাবাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত এবং তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহকর্মীর কাজ করতেন।
মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় শিক্ষক আমান উল্লাহ ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন।একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগীর মা বিচার চাইতে গেলে আসামির বড় ভাই তাকে হুমকি দেন। পরবর্তীতে গত ২৩ এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে পলাতক আমান উল্লাহকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে ভুক্তভোগী শিশুটিকে নিরাপত্তার স্বার্থে সিলেটে সমাজসেবা অধিদপ্তরের সেফ হোমে পাঠানো হয়,যেখানে গত ২ জুলাই সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়।পরবর্তীতে সিআইডির ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে শিক্ষক আমান উল্লাহর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
তদন্ত শেষে পুলিশ গত ২৭ আগস্ট দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগীর পরিবার সন্তোষ প্রকাশ করে দ্রুত এই দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন।
