
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা এসব ট্যাবলেটের ওজন ৪০ কেজি ৩২০ গ্রাম। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য এক কোটি আশি হাজার টাকা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নেত্রকোণার পুলিশ সুপার মো.তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক দেবাংশু কুমার দের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-নেত্রকোণা সদর উপজেলার নিজামপুর গ্রামের ফয়সাল মিয়া (৩১), পূর্ব চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৩২), সাকুয়া গ্রামের সৈয়দ মিয়া (৩০) এবং বড়গারা তেলিগাতী গ্রামের মাজেদুল হক (৩৫)।
ডিবি পুলিশ জানায়,গ্রেফতারকৃত ব্যক্তিদের হেফাজত থেকে ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পাল্লায় এসব ট্যাবলেটের মোট ওজন পাওয়া যায় ৪০ দশমিক ৩২ কেজি। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ২০০ টাকা হিসাবে উদ্ধার করা মাদকের মোট মূল্য ১ কোটি ৮০ হাজার টাকা।
এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় ১৯ নভেম্বর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
