সর্বশেষ
13 Nov 2026, Fri

কেন্দুয়ায় বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।জব্দ করা মাদক ও অন্যান্য আলামতের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে মেসার্স আব্দুস সাত্তার এন্টারপ্রাইজ নামের দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামের শাহ আলম (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে আকাশি রঙের পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১৭টি পোটলায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় অটোরিকশার দুই আরোহীকে আটক করা হয়।

অধিদপ্তরের তথ্যমতে,উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা সিএনজিচালিত অটোরিকশার মূল্য ৫ লাখ টাকা এবং আইটেল ও সিম্ফনি ব্র্যান্ডের দুটি মোবাইল ফোনের মূল্য ২৪ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.নাজমুল হক জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *