
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ
বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক,নাট্যকার ও নির্মাতা ড. হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে অবস্থিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানটিকে কলেজ পর্যায়ে উন্নীত করা,ছাত্রাবাস ও ছাত্রীনিবাস স্থাপন এবং বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ড.রফিকুল ইসলাম হিলালী।
শুক্রবার (১৩ নভেম্বর) শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করে সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী বলেন,হুমায়ূন আহমেদের স্বপ্ন ও ভালোবাসার প্রতীক এই শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।বিদ্যালয়টিকে কলেজ পর্যায়ে উন্নীত করার পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনসুবিধা নিশ্চিত করতে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণেও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের মূল ফটক হতে অফিস কক্ষ পর্যন্ত নতুন রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.জ.ম. রেজাউল করিম খান, নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, সংসদ সদস্যের সহধর্মিণী জাহানা আফরোজ মুনমুন, কিংবদন্তি লোকসংগীত ও বাউলশিল্পী কুদ্দুস বয়াতি এবং বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া সুলতানা স্বর্ণা।
বক্তারা তাঁদের বক্তব্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে হুমায়ূন আহমেদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর স্মৃতিবিজড়িত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে তাঁর স্বপ্নকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মো.জুবায়ের আহমেদ ও নবম শ্রেণির শিক্ষার্থী আতিয়া ইবনাত ইভা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বর্ণাঢ্য র্যালি, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জন্মদিনের কেক কাটা ও বিতরণ এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপহার বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভা শেষে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠানটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
উল্লেখ্য,কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদ তাঁর জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি তাঁর শিক্ষা, মানবিকতা ও স্বপ্নের এক অনন্য স্মারক হিসেবে আজও এলাকার মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।
