
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিক্রির মূল্যতালিকা না রাখা ও বিক্রয়মূল্যের রশিদ সংরক্ষণ না করায় নিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর)দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী। এ সময় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় নিপা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে পণ্যের বিক্রয়মূল্যে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।তাঁরা নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
