
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে মাটি উত্তোলনে ব্যবহৃত ভেকু ও ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং উত্তোলিত মাটি পুনরায় ভরাট করে জমি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার(২৫ নভেম্বর)দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম মো.আব্দুল কাদির (৪৫), পিতা- মৃত চানফর আলী,গ্রাম – সিংহেরগাঁও,কেন্দুয়া, নেত্রকোণা।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০-এর ৪(ছ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত একজন ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.নাঈম-উল ইসলাম চৌধুরী জানান,সরকারি স্বার্থ সুরক্ষা ও অবৈধভাবে মাটি উত্তোলন রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
