সর্বশেষ
16 Oct 2026, Fri

কেন্দুয়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় পূর্ববিরোধের জেরে মাছ পরিবহনের গাড়ি চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র-নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

গুরুতর আহতরা হলেন—নজরুল ইসলাম (৫০), বাবুল মিয়া (৫৫), সোহেল মিয়া (৩৫), সিজালক (৫২), বকুলা খাতুন (৬০) ও বাচ্চু মিয়া (৪৫)। এছাড়া আহত আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,চিটুয়া নওপাড়া গ্রামের আব্দুর রহমান ওরফে ইয়ারখান একটি ফিশারিতে কৈ মাছের চাষ করেন। মাছ বিক্রির পর ব্যবসায়ীরা গাড়িতে করে মাছ নিয়ে যাওয়ার সময় রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কায় একই গ্রামের সোনা মিয়া গাড়ি চলাচলে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়রা জানান, উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *