
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজার এলাকায় ভাউচার ছাড়া সার বিক্রি এবং সার বিতরণ ব্যবস্থাপনায় ত্রুটির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সাহিতপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স হাবিবুর রহমান নামে বিসিআইসি সার ডিলারকে ভাউচার ছাড়া সার বিক্রি এবং সার বিতরণ ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা।এছাড়াও অভিযানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইউনূস রহমান রনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন,কৃষকদের কাছে সরকারি নির্ধারিত নিয়মে সার বিক্রি ও বিতরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
