
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নেত্রকোণা জেলার একমাত্র শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিজ উদ্যোগে সংবর্ধনা দিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী।
শনিবার (১৫ আগস্ট) বিকালে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুরে অবস্থিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংবর্ধনা দেন তিনি।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ৩৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়।ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়ায় ১০০ শতাংশ। এর মধ্যে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে।জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১৫ জন ছেলে ও ৩ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।
শতভাগ পাসের পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক জোবায়ের আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের যে অর্জন তা শুধু রোয়াইলবাড়ির সম্মান বয়ে আনেনি,সমগ্র উপজেলার মুখ উজ্জ্বল করেছে।তিনি জেলে থাকাকালীন ও রাতে ঘুমানোর আগে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বিভিন্ন বই পড়ার স্মৃতিচারণ করে বলেন,হুমায়ুন আহমেদ স্যারের স্বপ্ন পূরণে প্রতিষ্ঠানটিকে কলেজে রূপান্তরের আপ্রাণ চেষ্টা করবো৷ তাছাড়া শিক্ষকদের অনুরোধে জাতীয় সংসদে বিদ্যালয়টির কথা উত্থাপন করে নিজেকে গর্বিত মনে করবেন বলে জানান৷এ সময় তিনি প্রতিষ্ঠানটির খেলার মাঠ, শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম ও আবাসিক ব্যবস্থার প্রতি নজর দেওয়ার প্রতিশ্রুতিও দেন।পরে তিনি একজন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর আজীবন পড়াশোনার দায়িত্বও নেন,যা উপস্থিত সকলকে আরো আনন্দিত করে৷
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্যদের ফুলল শুভেচ্ছায় সিক্ত করা হয়।পরে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো.জসিম উদ্দিন আহমেদ খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো.সুরুজ আলীসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বক্তব্য রাখেন।বক্তারা এ সাফল্যের জন্য শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।
উল্লেখ্য,নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৯৬ সালে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩২৩ জন শিক্ষার্থী এবং ১৬ জন শিক্ষক রয়েছেন।
