
কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় সার বিক্রয়ে অনিয়ম ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।এ সময় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) দুপুরে উপজেলার পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম- উল ইসলাম চৌধুরী।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় সার বিক্রয়ে অনিয়ম এবং উচ্চ মূল্যে সার বিক্রির অভিযোগের বিষয়টি পরিদর্শন করা হয়। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ৮ ধারায় মোবাইল কোর্ট মামলা করা হয়।মামলায় অভিযুক্ত দোকানের মালিক আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বিক্রয়ে অনিয়ম ও অতিরিক্ত মূল্য আদায় বন্ধে নিয়মিতভাবে বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
