সর্বশেষ
16 Sep 2026, Wed

কেন্দুয়ায় দুই অভিযানে ৫ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযানে মাংস ও মৎস্য-পশু খাদ্য বিক্রির অনিয়মের দায়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) সকাল ১১টার দিকে মাংসের দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দুয়া পৌর প্রশাসক সানজিদা চৌধুরী। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় সাউদপাড়া মোড়ের মাংস ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৫ হাজার টাকা এবং পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর বিধান লঙ্ঘনের দায়ে কেন্দুয়া কাঁচাবাজারের ব্যবসায়ী আবুল হাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় মৃত গরুর মাংস ক্রয়-বিক্রয়ের অভিযোগে অভিযুক্ত আরাধন বেপারীকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

পরে বেলা আড়াইটার দিকে সাউদপাড়া ও চিরাং মোড় এলাকায় মৎস্য ও পশু খাদ্য বিক্রির দোকানে অভিযান চালানো হয়। লাইসেন্স ছাড়া খাদ্য বিক্রির দায়ে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স সোহেল ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল মিয়া,হুমায়ুন ট্রেডার্সের স্বত্বাধিকারী হুমায়ুন কবীর এবং চিরাং মোড়ের এক দোকানের মালিক হুমায়ুন মিয়াকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। উভয় অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, ভোক্তা অধিকার এবং মৎস্য-পশু খাদ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *