
কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বড়া রামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ নয়ন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়া রামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার নয়ন মিয়া ওই গ্রামের মৃত কাসেম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,মাদকদ্রব্যের একটি চালান সংরক্ষণ ও বিক্রির বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম ও পরিদর্শক (এএসআই)রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল বড়া রামপুর এলাকায় অভিযান চালায়।এ সময় নয়ন মিয়াকে তার বসতঘর থেকে আটক করা হয়।
পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,বড়া রামপুরসহ গড়াডোবা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি দীর্ঘদিনের। পুলিশের এ অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তারের ঘটনায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) স্বজল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়ন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে,মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
