
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার ও বিক্রি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চিরাং বাজারের সাপ্তাহিক হাটে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাঈম উল ইসলাম চৌধুরী। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার প্রসিকিউশনে পরিচালিত এ অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রয়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় ৪২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মোট দৈর্ঘ্য ৩৩৬ মিটার এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এছাড়া, অভিযানে আটক দুই বিক্রেতাকে পৃথক দুটি মামলায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাঈম উল ইসলাম চৌধুরী জানান, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।একই সঙ্গে অবৈধ জালের ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
