
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
“মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনীতির অন্যতম অঙ্গীকার” প্রতিপাদ্যে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালীর পক্ষ থেকে কেন্দুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি)সকাল ১০ টা থেকে দিনব্যাপী ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব),নেত্রকোনা জেলা শাখার সার্বিক সহযোগিতায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আনুষ্ঠানিকভাবে সকাল সাড়ে ১১ টায় ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
মোট ১৩ জন মেডিসিন, চর্ম, অর্থোপেডিক্স, বক্ষব্যাধি, চোখ, শিশু ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন এতে। পাশাপাশি রোগীদের দেওয়া হয় বিনামূল্যে ওষুধ।
রোগীরা এমন ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এমন মানবিক আয়োজনের জন্যে ডক্টর রফিকুল ইসলাম হিলালীর জন্যে দোয়া প্রার্থনা করেন,সেই সাথে যাঁরা এ সেবায় নিয়োজিত তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে পরিচালনার দায়িত্বে থাকা কেন্দুয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ হিলালী ইমন বলেন,আজ আমরা চিকিৎসা সেবা বঞ্চিত দরিদ্র ও অসহায় ১ হাজার রোগীর টার্গেট নিয়ে কাজ করছি। তবে এই সংখ্যা বেশি হলেও সমস্যা নেই। তিনি আরো বলেন,ধানের শীষের নমিনি ডক্টর রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগে এর আয়োজন করা হয়েছে।এছাড়াও ভবিষ্যতে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
