
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মো. সাইফুল আলম আউয়াল।ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে তিনি নিজের প্রার্থিতার কথা জানান দিয়েছেন এবং পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মোঃ সাইফুল আলম আউয়াল কেন্দুয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সাউদপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।তবে তার জন্ম নওপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে।তাঁর বাবা মৃত নাছির উদ্দিন ছিলেন সাবেক ইউপি সদস্য এবং মা সরবুলা খাতুন।
পৌরবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, কর্মব্যস্ততার কারণে এলাকায় কম সময় দিলেও তাঁর মন সবসময়ই কেন্দুয়ায় পড়ে থাকে। নির্বাচিত হলে শিক্ষা বিস্তার, মাদকমুক্ত সমাজ গঠন, শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এবং সমঅধিকার প্রতিষ্ঠাসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কেন্দুয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করবেন। এছাড়া অবহেলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
পেশাগতভাবে সাইফুল আলম একজন ব্যবসায়ী। তিনি নরসিংদীর মাধবদীতে অবস্থিত ‘জে. ফেব্রিক্স’-এর স্বত্বাধিকারী। শিক্ষাজীবনে তিনি কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার ডেমরায় অবস্থিত রঙমালা মহিলা আকবর কলেজ থেকে এইচএসসি এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজ থেকে স্নাতক (বি.এ/বি.এস.এস) সম্পন্ন করেন। পাশাপাশি তিনি বিভিন্ন সময় এলাকায় গরিব ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন।
উল্লেখ্য,কেন্দুয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা প্রায় ১৮ হাজার ৬৮৬ জন।সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। শিগগিরই জেলা পরিষদ,উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
