সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় নববধূর বিষ পানে আত্মহত্যা :পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

রীমা আক্তার (১৮) নামে এক নববধূর বিষ পানে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নেত্রকোণার কেন্দুয়ায় তৈরি হয়েছে নানা প্রশ্ন -এটি হত্যা নাকি আত্মহত্যা।পরিবারের দাবি পরিকল্পিত হত্যা। নিহত রীমা আক্তার পার্শ্ববর্তী মদন উপজেলার বাঁশরী গ্রামের মো. জাকির মিয়ার মেয়ে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের (পশ্চিম পাড়া) কোনাপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়,রীমার স্বামীর ঘর তালাবদ্ধ। এ সময় কথা হয়,সাবেক ইউপি সদস্য ও পিয়েলের চাচী লাকী আক্তার (৫৫), সাবেক ইউপি সদস্য হাবিবুল্লাহ (৫১), ইব্রাহীম খলিল (৩৬), মো. ফারুক মিয়া (৪৯), সাইদুর মুন্সি (৬৫)সহ প্রতিবেশী ও স্থানীয়দের সাথে।

তারা বলেন,মাত্র দুই আড়াই মাস আগে প্রেমের সম্পর্কের বিয়ে হয় রীমা ও মৃত বিল্লাল ব্যাপারির ছেলে পিয়েলের (২১)। এরপর থেকেই দাম্পত্য জীবনে চরম কলহ বিরাজ করছিলো তাদের। এমনকি পারিবারিক ও গ্রাম্য সালিসির মাধ্যমে তা সমাধানের চেষ্টাও করা হয়। সর্বশেষ গত বুধবার (২৫ ফেব্রুয়ারী) কলহের জেরেই রীমা নিজে (কীটনাশক) বিষ পানে আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা।

প্রতিবেশীদের একজন ইব্রাহীম খলিল (৩৬) বলেন, তারাবির নামাজের পর এসে দেখি রীমা অজ্ঞান।পরে আরো কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে যাই এবং ওখানে তার জ্ঞান ফিরে আসে। তখন সবার উপস্থিতিতে রীমা নিজে বিষ পান করেছে বলে স্বীকারোক্তি দেয়। তখন তার শারীরিক অবস্থা খুব দুর্বল থাকায় মমেকে স্থানান্তর করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে চরম কলহ বিরাজ করছিলো। রীমাকে নিয়মিত মানসিক চাপ ও শারীরিক নির্যাতন করতো তার শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার দিন ,খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ বলেন,গত রাতে(২৭ ফেব্রুয়ারী) লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক সুরতহালে নিহতের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *