
আটপাড়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার আটপাড়া উপজেলার উদীয়মান সঙ্গীতশিল্পী রক্স দীপ্ত সাম্প্রতিক সময়ে কয়েকটি মৌলিক গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের নজর কেড়েছেন। ইতোমধ্যে তার কণ্ঠে প্রকাশিত হয়েছে চারটি নতুন গান— ‘নাটক’, ‘বুকের ভিতর প্রেম সমাধি’, ‘আর্তনাতে দহন’ ‘চাইনা এমন ভালোবাসা ‘।গানগুলোতে প্রেম, বিচ্ছেদ, আত্মসংঘাত ও মানবিক অনুভূতির নানা স্তর ফুটে উঠেছে। কথা, সুর ও পরিবেশনায় আধুনিকতার সঙ্গে আবেগের মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়েছেন রক্স দীপ্ত। বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে গানগুলো ইতিবাচক সাড়া ফেলেছে।
সংগীতজীবনের শুরু থেকেই রক্স দীপ্ত মৌলিক গান নিয়ে কাজ করার প্রতি আগ্রহী।তার লেখা গানগুলো শ্রোতাদের নজর কেড়েছে।তার মতে,“সংগীত শুধু বিনোদন নয়,অনুভূতির প্রকাশ। নিজের অভিজ্ঞতা আর চারপাশের গল্প থেকেই গান তৈরি করার চেষ্টা করি।”
ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানগুলো প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের ভালোবাসা পাচ্ছেন তিনি।ভবিষ্যতে আরও নতুন গান এবং ভিন্নধর্মী কাজ নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানান এই শিল্পী।
স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রক্স দীপ্ত।তার এই অগ্রযাত্রা আটপাড়ার সঙ্গীতাঙ্গনকে নতুনভাবে পরিচিত করবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
