
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪ সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় অভিযোগ তুলে নেয়ার প্রতিশ্রুতি দিলেন সহকারী প্রধান শিক্ষক ।
মঙ্গলবার (২৭ মে) সকালে সহকারী প্রধান শিক্ষক ফরিদা আক্তার একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান, তপন চন্দ্র ভদ্র, হারুন অর রশিদ ভূঞা ও জাহাঙ্গীর ভূঞার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে বিদ্যালয়ের স্টাফ রুমে এক জরুরি আলোচনা সভায় বিষয়টি সমাধান করা হয় ।
জানা যায়, এর আগে বিদ্যালয়ের আনুষাঙ্গিক বিষয়াদি নিয়ে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের নিয়ে স্টাফ রুমে নিয়মিত আলোচনায় বসেন প্রধান শিক্ষক কবির আহমেদ চৌধুরী । আলোচনায় স্কুলের শিক্ষার্থীদের মানসম্মত মার্কসিট তৈরির বিষয়টি উঠে আসে। এতে অধিকাংশ শিক্ষক মার্কসিটগুলো তৈরি করতে যা খরচ হয় এবং খরচ বাদে যদি কিছু উদ্বৃত্ত থাকে তাহলে শিক্ষকগণ ও অফিস সহকারীকে যেন সম্মানি হিসেবে বন্টন করে দেন প্রধানশিক্ষক কে প্রস্তাব বা মতামত দেন তারা। এমন দাবি বা মতামতের প্রেক্ষাপটে সহকারী প্রধান শিক্ষক ফরিদা বেগম ও অভিযুক্ত ৪জন সহকারী শিক্ষকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সহকারী শিক্ষক মনিরুজ্জামান ও তপন চন্দ্র ভদ্র সহকারী প্রধান শিক্ষককে অশালীন কথাবার্তা বলেন,এরই পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ করেন সহকারী প্রধান শিক্ষক ফরিদা আক্তার।
পরিশেষে আলোচনায় উভয় পক্ষের সৌহার্দপূর্ণ কথা-বার্তায় ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে ঐকমত্য এবং একে অপরের ভুল ত্রুটি শুধরিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় । অন্যদিকে থানা থেকে অভিযোগ তুলে নেয়ারও প্রতিশ্রুতি দেন সহকারী প্রধান শিক্ষক ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোহাম্মদ কবির চৌধুরী, উক্ত অভিযোগের তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানার এসআই কামাল হোসেন, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
