
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৯,নেত্রকোণা-৩ (কেন্দুয়া – আটপাড়া) সংসদীয় আসনে ৬ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) নির্বাচন কমিশেনের (ইসি) তফসিল অনুযায়ী তাদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হলেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ।
এর আগে গত ৪ জানুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ে উক্ত আসনে যে ৬ প্রার্থীর প্রার্থীতা বৈধতা পায় তাঁরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো.দেলোয়ার হোসেন ভূঁইয়া (দুলাল), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী,জেলা কমিটির শুরা ও কর্মপরিষদ সদস্য মো.খায়রুল কবির নিয়োগী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আবুল হোসেন তালুকদার, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী মো.শামছুদ্দোহা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো.রিফাতুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ৬ জনের মধ্যে কারো প্রার্থিতা প্রত্যাহারের কোন তথ্য এখনো পর্যন্ত আমাদের কাছে নেই।উক্ত ৬ জনই চূড়ান্ত প্রার্থী।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে আগামী ২১ জানুয়ারী প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে।
