কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৯, নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ছয় (৬) প্রার্থীরই চূড়ান্ত মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে মনোনয়ন দাখিলের শেষ দিন গত ২৯ ডিসেম্বর উক্ত ছয় (৬) প্রার্থীই তাঁদের মনোনয়ন ফরম দাখিল করেন।
রবিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে এ সব তথ্য নিশ্চিত করেন,সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম।
বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী,জেলা বিএনপির সাবেক সহসভাপতি,কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া (দুলাল), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী,জেলা কমিটির শুরা ও কর্মপরিষদ সদস্য মো. খায়রুল কবির নিয়োগী,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো.আবুল হোসেন তালুকদার,ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. শামছুদ্দোহা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম বলেন,প্রাথমিকভাবে কাগজপত্রের ঘাটতির কারণে ইসলামি আন্দোলন বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের মনোনয়ন স্থগিত রাখা হলেও পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করে কর্মকর্তার কার্যালয়।
উল্লেখ্য,রবিবার(৪ জানুয়ারী)ছিলো দাখিলকৃত মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের শেষ দিন।

