
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাগুলী গ্রামে আন্ নুর পাঠাগারের উদ্যোগে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,‘নুর প্রবাহ’ স্মরণিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আন্ নুর পাঠাগারের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুল হক ভুইয়া,ডেপুটি কমান্ডার আব্দুল কদ্দুছ খন্দকার লালচানসহ স্থানীয় সাংবাদিক,শিক্ষক ও সুধীজনেরা।
আলোচনা সভা শেষে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আন্ নুর পাঠাগারের প্রকাশনা ‘নুর প্রবাহ’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠাগারভিত্তিক শিক্ষা ও সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্ নুর পাঠাগারের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
