
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
লোকজ সংস্কৃতির রাজধানী নেত্রকোণার কেন্দুয়ায় “সাহিত্য সংস্কৃতির টানে এসো মিশি প্রাণে প্রাণে” এই স্লোগানে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়েছে শত কবির মিলনমেলা।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে চর্চা সাহিত্য আড্ডা নামে সাহিত্য সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র স্মরণে নির্মিত জালাল মঞ্চে এই মিলনমেলা উদ্বোধন করেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
‘চর্চা সাহিত্য আড্ডা’র সমন্বয়কারী ছড়াকার ও সাংবাদিক রহমান জীবনের সঞ্চালনায় এবং চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা গীতিকার রফিকুল হাসান ভান্ডরীর সভাপতিত্বে উদ্বোধনী ও প্রথম পর্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে আলোচনা করেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।এছাড়াও বক্তব্য প্রদান করেন,কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণেন সরকার, কবি ও সংগঠক আবুল কালাম আল আজাদ, কবি ও জেলা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও লেখক আজহারুল ইসলাম হিরু, মাওলানা হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদ খোকন, ছড়াকার ও প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, লেখক , কবি ও লোকসাহিত্যিক রাখাল বিশ্বাস, কবি ও সাংবাদিক কামাল হোসাইন, কবি মাহবুবা খান দীপান্বিতা, সাংবাদিক ও কবি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।
তাছাড়া মধ্যাহ্নভোজের পর আগত কবিদের কবিতা পাঠ,চর্চার প্রকাশিত ‘অতল’ নামে শত কবির কবিতার ম্যাগাজিনের মোড়ক উন্মোচন এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে দিনব্যাপী প্রায় দুই শতাধিক কবির অংশগ্রহণে আনন্দ মুখর পরিবেশে সম্পন্ন হয় শতকবির এই মিলনমেলা ও সাহিত্য উৎসব।
