সর্বশেষ
13 Mar 2026, Fri

জাতীয় খেলোয়াড় আরিফসহ কেন্দুয়ার ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ

জাতীয় দলের ফুটবলার আরিফসহ কেন্দুয়ার খেলোয়াড়দের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া, মানবাধিকার কর্মী মামুনুল কবির খান,সাংবাদিক মাজহারুল ইসলাম উজ্জ্বল,কেন্দুয়া একাদশের সিনিয়র খেলোয়াড় তাপস,কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাকারুল ইসলাম,বর্তমান সদস্য সচিব মোবারক হোসেন প্রমুখ।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে টায়ার জ্বালিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেয়। এসময় “সন্ত্রাসমুক্ত ক্রীড়াঙ্গন চাই”, “জাতীয় খেলোয়াড় আরিফের ওপর হামলার বিচার চাই”—এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

পরে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) নাঈম-উল- ইসলাম চৌধুরী ও থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনালে গত ১৫ অক্টোবর নেত্রকোণা সদর একাদশের সঙ্গে মুখোমুখি হয় কেন্দুয়া একাদশ। ম্যাচ চলাকালে জাতীয় দলের খেলোয়াড় আরিফ, তার ভাই জুনিয়র রবিনসহ কয়েকজনের ওপর প্রতিপক্ষ খেলোয়াড় ও সমর্থকদের হামলার অভিযোগ ওঠে। এতে তারা গুরুতর আহত হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে আরিফ ও রবিন সেখানেই চিকিৎসাধীন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, “জাতীয় খেলোয়াড় আরিফ শুধু কেন্দুয়ার নয় তিনি পুরো দেশের সম্পদ। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ন্যাক্কারজনক হামলা হয়েছে।” উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা আপাতত আন্দোলন স্থগিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *