
মাজহারুল ইসলাম উজ্জ্বল, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি,গুপ্ত সংগঠনের গোপন তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলের নেতৃত্ব দেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল।
মিছিলটি কেন্দুয়া পৌরসভার খাদ্য গুদামের সামন থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একটি সংগঠন দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে ছাত্রসমাজকে ভুল পথে পরিচালিত করছে।পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা উদ্বেগজনক।
এসময় বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দমননীতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
