
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ফার্মেসিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পৌরসভার ডাকবাংলো রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পলজাত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক সরবরাহসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন। এ সময় পুলিশ ফোর্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, আইন লঙ্ঘন করায় চারটি ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
