
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলাধীন ১০নং কান্দিউড়া ইউনিয়নের জফরপুর, কুন্ডলী, ব্রাহ্মণজাত ও বেজগাতি গ্রামের ভুক্তভোগী জনগণের জরুরিভাবে গ্রামীণ সড়ক সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘অবহেলিত জনপদ,উন্নয়ন চাই, বঞ্চনা নয়’ শ্লোগানে বুধবার (২১ মে) দুপুরে জফরপুর, কুন্ডলী, ব্রাহ্মণজাত ও বেজগাতির ভুক্তভোগী গ্রামবাসীর আয়োজনে জামতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, জামতলা মোড় থেকে বেজগাতি ব্রিজ পর্যন্ত প্রায় ২ কি.মি. এই রাস্তটি ৪০ বছর আগে করা হয়েছিলো।প্রতিদিন এই কাঁচা রাস্তা দিয়ে একাধিক গ্রামের মানুষ যাওয়া আসা করে।বিশেষ করে বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে রাস্তাটি। তাই জনস্বার্থে এই রাস্তার সংস্কার ও পাকাকরণ অতীব জরুরী। আমরা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মোঃ খায়রুল ইসলাম, হাঁস খামারি মোঃ সন্তোষ মিয়া, কৃষক কাশেম মিয়া, এমদাদুল হক পাপ্পু, আউয়াল মিয়াসহ স্কুলের শিক্ষার্থী, এলাকার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
